ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল এলাকায় জোবায়ের হোসেন পারভেজ (৩২) নামে এক যুবলীগ কর্মীর গলা ও হাত কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৭ জুন) সকালে নিজকুঞ্জরা গ্রামের নুর আহাম্মদ মাস্টারবাড়ি এলাকার নিজ বাড়ির সামনে থেকে তাঁর মরদেহ পাওয়া যায়।
নিহত জোবায়ের হোসেন পারভেজ ওই এলাকার আবু তাহেরের ছেলে। এ ঘটনায় একই এলাকার দুই সহোদর শাহাদাত ও মামুনের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।
নিহতের ছোট ভাই সাব্বির হাসান শীতল জানান, শুক্রবার (২৬ জুন) পারভেজ তার দোকানের কাজে এক যুবককে যুক্ত করার প্রস্তাব দেন এবং তাকে একটি মোবাইল ফোন দেন। এ বিষয়কে কেন্দ্র করে ওই যুবকের পরিবারের সঙ্গে বিরোধ তৈরি হয়। পরে রাতের দিকে মোবাইল দেওয়া নিয়ে পারভেজ ও মামুনের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
নিহতের পরিবারের অভিযোগ, পরবর্তীতে বাজার থেকে বাড়ি ফেরার পথে পারভেজকে পুকুরসংলগ্ন এলাকায় ওত পেতে থাকা মামুন ও শাহাদাত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে সকালে স্থানীয়রা বাড়ির সামনে তার মরদেহ পড়ে থাকতে দেখেন।
নিহতের বাবা আবু তাহের দাবি করেন, পূর্বের বিরোধ ও কারাবন্দি সময়ের আর্থিক লেনদেন নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল, যা শেষ পর্যন্ত এই হত্যাকাণ্ডে রূপ নেয়।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে।