কলকাতার পার্ক সার্কাস এলাকার পরিচিত সড়ক ‘সোহরাওয়ার্দী অ্যাভিনিউ’-এর নাম পরিবর্তন করে ‘গোপাল মুখার্জী রোড’ করার সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে। কলকাতা পৌর সংস্থার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট বিষয়টিকে আরও আলোচনায় নিয়ে এসেছে।
নাম পরিবর্তনের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দাবি করেন, রাস্তার নাম অবিভক্ত বাংলার সাবেক প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নাম অনুসারে রাখা হয়েছিল। ১৯৪৬ সালের ‘গ্রেট ক্যালকাটা কিলিংস’ নামে পরিচিত সাম্প্রদায়িক দাঙ্গার সময় তিনি বাংলার প্রধানমন্ত্রী ছিলেন। ওই দাঙ্গা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে ইতিহাসবিদদের একটি অংশ তার সমালোচনা করে থাকেন।
তবে ইতিহাসবিদদের মতে, বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা সড়কটির নাম হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামে ছিল না। কলকাতার ইতিহাস গবেষক পি. থাঙ্কাপ্পন নায়ারের গবেষণায় উল্লেখ করা হয়েছে, সড়কটির নামকরণ হয়েছিল শিক্ষাবিদ, কূটনীতিক, শিল্পসমালোচক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য হাসান সোহরাওয়ার্দীর নামে।
হাসান সোহরাওয়ার্দীর বাসভবনও ছিল ওই সড়কেই। বর্তমানে সেখানে কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের গ্রন্থাগার ও তথ্যকেন্দ্র পরিচালিত হচ্ছে।
এ অবস্থায় সড়কের নাম পরিবর্তনের সিদ্ধান্ত শুধু প্রশাসনিক নয়, ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের প্রশ্নেও নতুন আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।