নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের অংশবিশেষ তুলে ধরে রাজনৈতিক প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা মোকাবিলায় সরকারের ব্যর্থতা আড়াল করতে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর দায় চাপানোর চেষ্টা চলছে। এ উদ্দেশ্যেই পাটওয়ারীর বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন এক যৌথ বিবৃতিতে এ অভিযোগ করেন। একই সঙ্গে বক্তব্য বিকৃত করে প্রচারের ঘটনায় তাঁরা নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তিনটি দাবি দ্রুত পূরণের আহ্বান জানানো হয়েছে। দাবিগুলো হলো—প্রয়োজনীয় সংস্কার, জুলাই গণহত্যার বিচার এবং গণভোটের রায় বাস্তবায়ন।
এনসিপি নেতারা বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে খণ্ডিত করে বিএনপি ও তাদের অনুসারী রাজনৈতিক অ্যাক্টিভিস্টরা প্রচার চালাচ্ছেন। তাঁদের দাবি, বক্তব্যের পুরো অংশ বিবেচনায় না নিয়ে নির্দিষ্ট অংশ তুলে ধরার কারণে বক্তব্যের প্রকৃত অর্থ বদলে যাচ্ছে।
পাটওয়ারীর বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে বিবৃতিতে বলা হয়, তাঁর মূল বক্তব্য ছিল—‘আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে দরকার সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার। এ তিনটি দাবি মানলেই আর ককটেল ফুটবে না ঢাকা শহরে।’
এনসিপির ভাষ্য, বক্তব্যটির উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদের স্থায়ী বিলোপ এবং দেশে আইনশৃঙ্খলা ও শান্তি ফিরিয়ে আনার জন্য তিনটি রাজনৈতিক দাবি তুলে ধরা। দলটির অভিযোগ, নিজেদের ব্যর্থতা আড়াল করতে বক্তব্যের সুবিধাজনক অংশ আলাদা করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
বিবৃতিতে আরও দাবি করা হয়, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ক্যাডাররা দেশের বিভিন্ন স্থানে আগুন সন্ত্রাস, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এসব কর্মকাণ্ড ঠেকাতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেছে দলটি।
এনসিপির নেতারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় এড়াতে তাঁদের দল ও অন্যান্য বিরোধী রাজনৈতিক পক্ষের ওপর দায় চাপানোর চেষ্টা চলছে। তাঁদের দাবি, পাটওয়ারীর বক্তব্যকে কেন্দ্র করে তৈরি করা প্রচারও সেই কৌশলের অংশ।
নাহিদ ইসলাম ও আখতার হোসেন বিবৃতিতে জানান, জুলাই গণহত্যার বিচার, প্রয়োজনীয় সংস্কার এবং গণভোটের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথের কর্মসূচি অব্যাহত থাকবে। তাঁদের ভাষ্য, প্রচার-অপপ্রচার চালিয়ে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে থামানো যাবে না।
বিবৃতিতে মিথ্যাচার বন্ধ করার পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং দলটির সংশ্লিষ্টদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে এনসিপি।
সদ্য সংবাদ/ এআর