জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে আরও ব্যাপক আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একই সঙ্গে বিশ্বশান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ হয়েছে দাবি করে নিরাপত্তা পরিষদের ক্ষমতার কাঠামোতে জরুরি সংস্কারের আহ্বান জানিয়েছেন তিনি।
সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে বিশ্বনেতাদের উদ্দেশে এরদোয়ান বলেন, ৮১ বছর আগে যে লক্ষ্য ও আদর্শ সামনে রেখে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল, সময়ের সঙ্গে সংস্থাটি সেই উদ্দেশ্য থেকে অনেকটাই বিচ্যুত হয়েছে। তাঁর মতে, নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামোও বিশ্বের অধিকাংশ দেশের আকাঙ্ক্ষাকে যথাযথভাবে প্রতিফলিত করে না।
নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের প্রভাবের সমালোচনা করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ১৯০টির বেশি দেশের সামগ্রিক ইচ্ছা মাত্র পাঁচটি দেশের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল থাকা ন্যায়সংগত নয়। এই কাঠামো বিশ্বের মানুষের আস্থাও অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। নিরাপত্তা পরিষদকে আরও প্রতিনিধিত্বশীল, অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান এরদোয়ান।
গাজায় চলমান সামরিক অভিযান ও মানবিক পরিস্থিতি নিয়েও কঠোর অবস্থান তুলে ধরেন তুরস্কের প্রেসিডেন্ট। তিনি বলেন, ফিলিস্তিনে যে মাত্রায় ধ্বংস ও মানবিক বিপর্যয় চলছে, তা বিবেকসম্পন্ন কোনো মানুষের পক্ষে উপেক্ষা করা সম্ভব নয়। গাজার পরিস্থিতিকে তিনি বর্তমান সময়ের সবচেয়ে অমানবিক ও লজ্জাজনক আটক শিবিরগুলোর একটি হিসেবে বর্ণনা করেন।
এ সময় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাধারণ পরিষদের অধিবেশনে সশরীরে অংশগ্রহণ করতে না পারার প্রসঙ্গও তুলে ধরেন এরদোয়ান। মার্কিন বাধার কারণে টানা দুই বছর আব্বাস অধিবেশনে উপস্থিত হতে পারেননি উল্লেখ করে তিনি ঘটনাটিকে আন্তর্জাতিক অবিচার ও বিশ্ববিবেকের জন্য আঘাত হিসেবে বর্ণনা করেন।
যেসব দেশ এখনো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান এরদোয়ান। পাশাপাশি গাজায় রক্তক্ষয় ও সংঘাত বন্ধে ইসরায়েলের ওপর সর্বোচ্চ আন্তর্জাতিক চাপ প্রয়োগেরও দাবি জানান তিনি।
ন্যাটোর সদস্য তুরস্ক গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকেই এর কঠোর সমালোচনা করে আসছে। আঙ্কারা গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে অভিহিত করে আন্তর্জাতিক বিচার ও নিষেধাজ্ঞার দাবি জানিয়ে আসছে। তবে তুরস্কসহ বিভিন্ন পক্ষের এই অভিযোগ ইসরায়েল ধারাবাহিকভাবে প্রত্যাখ্যান করে আসছে।
সদ্য সংবাদ/ এআর