খুলনায় অনুষ্ঠিত ১১ দলীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে বাগেরহাটে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের পারকুরশাইল এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
আহতদের মধ্যে রয়েছেন চিতলমারী উপজেলার শিবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির ইস্রাফিল মোল্লা, জামায়াতকর্মী সাইফুল কাজী, ফেরদৌস শেখ, বাদশা চৌধুরী, সামাদ মোল্লা এবং ইজিবাইকচালক শহীদ শেখ। গুরুতর আহত সাইফুল কাজী ও ফেরদৌস শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ইস্রাফিল মোল্লার অভিযোগ, শিবপুর এলাকা থেকে ১০টি ইজিবাইকে করে নেতাকর্মীরা সমাবেশে যাচ্ছিলেন। পারকুরশাইল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা ২০ থেকে ২২ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা সমাবেশে যেতে বাধা দেওয়ার কথাও বলে বলে তিনি দাবি করেন।
ঘটনার পর সমাবেশে বক্তব্য দিতে গিয়ে জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার হামলার নিন্দা জানান এবং জড়িতদের বিচারের দাবি করেন।
তবে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুল আরেফিন বলেন, হামলার বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগও জমা পড়েনি বলে তিনি জানান।