গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে জুলাই যোদ্ধা ও শহীদদের স্মরণে জুলাই স্মৃতি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) জামালপুর জেলা শাখা।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে জুলাই মাসব্যাপী কর্মসূচির প্রথম দিনে জেলা শহরের সরকারি আশেক মাহমুদ কলেজে অবস্থিত জুলাই স্মৃতি শহীদ মিনারে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় এনসিপি জামালপুরের নেতৃবৃন্দ এবং জাতীয় ছাত্রশক্তির নেতারা উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণের পর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা ছাত্রশক্তির সদস্য সচিব আহাদ হোসেন বলেন, “জুলাই কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। জুলাই নিয়ে কোনো প্রকার তালবাহানা চলবে না। অনতিবিলম্বে জুলাই জাদুঘরকে জনগণের জন্য উন্মুক্ত করতে হবে। প্রত্যেকটি হত্যার বিচার দ্রুত নিশ্চিত করতে হবে।”
জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আমিমুল ইহসান বলেন, “জুলাই শুধু একটি মাস নয়, এটি আমাদের সাহস, আত্মত্যাগ ও পরিবর্তনের প্রতীক। জুলাইয়ের চেতনা আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে এবং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনের প্রেরণা দেয়। তাই জুলাইকে শুধু স্মরণ নয়, আমাদের চিন্তা, কাজ ও মূল্যবোধে ধারণ করতে হবে। জুলাইয়ের আদর্শকে বুকে ধারণ করেই আমরা একটি সুন্দর, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারব।”
এনসিপি নেতারা জানান, গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের মতো জামালপুরেও পুরো জুলাই মাসজুড়ে বিভিন্ন স্মরণসভা, আলোচনা, দোয়া মাহফিল, শ্রদ্ধাঞ্জলি ও জনসম্পৃক্ত কর্মসূচি পালন করা হবে।