বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রংপুরের পীরগাছা উপজেলার কদমতলা এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় এ বক্তব্য দেন এটিএম আজম খান। সভায় ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনও উপস্থিত ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় এক মিনিট ২৫ সেকেন্ডের ভিডিওতে এটিএম আজম খানকে বলতে শোনা যায়, ‘২৮ তারিখ সকাল সাড়ে ছয়টায় কেন্দ্র থেকে আমাকে মোবাইল করা হলো। বলা হলো, খান সাহেব আপনাকে তো কোরবানি দেওয়া হলো। তখন আমি বললাম, এই কোরবানি কি ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালামের কোরবানির মতো? তখন বলা হলো, হ্যাঁ, এর চেয়েও বড়।’
ভিডিওতে তিনি আরও বলেন, ‘এর ব্যাখ্যা জানতে চাইলে বলা হলো, ইব্রাহিম (আ.) আল্লাহর সন্তুষ্টির জন্য ইসমাইল (আ.)-কে কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন, শেষ পর্যন্ত মানুষ কোরবানি হয়নি, দুম্বা কোরবানি হয়েছে। আর আপনার কোরবানি বলতে পীরগাছা–কাউনিয়ার লাখ লাখ নারী–পুরুষের কোরবানি। এই কারণেই এটাকে বড় কোরবানি বলা হয়েছে। তখন আমি বলেছি, আলহামদুলিল্লাহ।’
বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ তার সঙ্গে একাধিকবার কথা বলেছেন এবং বর্তমান পরিস্থিতিতে এসব কথা বলার প্রয়োজন ছিল বলে তিনি মনে করেন। দুঃখকে শক্তিতে রূপান্তর করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি।
এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে এটিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে উল্লেখ করে তীব্র সমালোচনা করেন। অনেকেই মন্তব্য করেছেন, মহান নবী–রাসুলদের কোরবানির সঙ্গে রাজনৈতিক সিদ্ধান্তের তুলনা অনাকাঙ্ক্ষিত ও আপত্তিকর।
উল্লেখ্য, রংপুর-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রাথমিক মনোনীত প্রার্থী ছিলেন এটিএম আজম খান। তবে জামায়াতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির জোটগত সমঝোতার কারণে ওই আসনটি ছেড়ে দেওয়া হয়। ফলে তিনি মনোনয়নপত্র জমা দেননি এবং ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে সমর্থন দেন।