জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবুল কাশেম ফেনী-৩ আসনে দলীয় মনোনয়ন পেলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো মনোনয়নপত্র জমা দেননি। পরে তিনি এনসিপির সব পদ ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
সোমবার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আবুল কাশেম জানান, নীতিগত কারণে তিনি এনসিপি থেকে পদত্যাগ করছেন এবং নির্বাচনে অংশ নিচ্ছেন না।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “ফেনী-৩ আসনের প্রিয় এলাকাবাসী, আমার সালাম গ্রহণ করবেন। আমি আপনাদের জানাতে চাই, আমি জাতীয় নাগরিক পার্টি থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না এবং একইসঙ্গে এই দল থেকে পদত্যাগ করেছি।”
তিনি বলেন, এই সিদ্ধান্ত তিনি ব্যক্তিগত ও নীতিগত বিবেচনায় নিয়েছেন। সাম্প্রতিক সময়ে এনসিপি যে রাজনৈতিক সমঝোতায় যুক্ত হয়েছে, তা তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি ও নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সে কারণেই পারস্পরিক সম্মানের ভিত্তিতে দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
আবুল কাশেম আরও বলেন, এই সিদ্ধান্ত কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে অভিযোগ নয় এবং কোনো ধরনের দ্বন্দ্বের ফলও নয়। মতাদর্শগত ভিন্নতার কারণেই তিনি আলাদা হওয়ার পথ বেছে নিয়েছেন। এতদিন যারা তাঁকে সমর্থন ও সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি অনিচ্ছাকৃতভাবে কারও মনে কষ্ট দিয়ে থাকলে সে জন্য দুঃখ প্রকাশ করেন।
বিষয়টি নিশ্চিত করে আবুল কাশেম বলেন, “জাতীয় নাগরিক পার্টির বর্তমান অবস্থান আমার রাজনৈতিক ক্যারিয়ারের সঙ্গে মানানসই নয়। এ কারণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থিতা এবং এনসিপির সব পদ-পদবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির ফেনী জেলা সদস্যসচিব শাহ ওয়ালি উল্লাহ মানিক জানান, তিনি বিষয়টি অবগত নন এবং এখন পর্যন্ত আবুল কাশেমের কোনো লিখিত পদত্যাগপত্র তাঁরা হাতে পাননি। পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।