শুক্রবার (১ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে এ ঝড়ো আবহাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, উল্লিখিত অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বইতে পারে। এর সঙ্গে থাকতে পারে বৃষ্টি ও বজ্রবৃষ্টি, যা স্বাভাবিক জনজীবন এবং নৌ চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে পারে।
এ পরিস্থিতিতে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করা, নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।