প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫

স
সদ্য সংবাদ ডেস্ক
২৮ অক্টোবর, ২০২৬ ১২:৩৩:০০
ছবি: সংগৃহীত

মাদক পাচার দমনের নামে সামরিক অভিযান জোরদার করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এরই ধারাবাহিকতায় পূর্ব প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদক পাচারকারীদের বহনকারী একটি নৌযানে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে পাঁচজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) অভিযানটির তথ্য নিশ্চিত করে মার্কিন সামরিক বাহিনী। তবে হামলার শিকার নৌযানটিতে মাদক ছিল কি না, সে বিষয়ে কোনো প্রমাণ প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মার্কিন সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ডের দাবি, মাদক পাচারের জন্য পরিচিত একটি সমুদ্রপথে চলাচল করছিল নৌযানটি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেটিকে মাদক পাচার কার্যক্রমে যুক্ত বলে সন্দেহ করা হয়। পরে সেটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ভিডিওতে সমুদ্রে চলন্ত একটি ছোট নৌযানে বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে।

এ নিয়ে ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে মাদক পাচারের অভিযোগে বিভিন্ন নৌযানে যুক্তরাষ্ট্রের চালানো হামলায় নিহতের সংখ্যা অন্তত ২৪০ জনে দাঁড়িয়েছে। এ সময়ের মধ্যে ৭০টিরও বেশি অভিযান পরিচালনা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ট্রাম্প প্রশাসনের বক্তব্য, লাতিন আমেরিকার মাদক চক্রগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং যুক্তরাষ্ট্রে মাদকের প্রবেশ ঠেকাতে এ ধরনের অভিযান প্রয়োজন। অতিমাত্রায় মাদক গ্রহণের কারণে মানুষের মৃত্যু কমানোও এসব পদক্ষেপের অন্যতম উদ্দেশ্য বলে দাবি করছে ওয়াশিংটন।

তবে এসব অভিযানের স্বচ্ছতা ও আইনি ভিত্তি নিয়ে বিতর্ক রয়েছে। সমালোচকদের প্রশ্ন, নৌযানগুলোতে মাদক থাকার যথেষ্ট প্রমাণ ছাড়াই প্রাণঘাতী হামলা চালানো কতটা গ্রহণযোগ্য। যাদের মাদক পাচারকারী বা ‘মাদক সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তাদের বিরুদ্ধে অভিযোগের সমর্থনে মার্কিন প্রশাসন পর্যাপ্ত তথ্য প্রকাশ করেনি বলেও সমালোচনা রয়েছে।

বিশেষজ্ঞদের একাংশের মতে, যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী মাদকজনিত মৃত্যুর জন্য দায়ী ফেন্টানিলের বড় একটি অংশ মেক্সিকো থেকে স্থলপথে প্রবেশ করে। মেক্সিকোতে চীন ও ভারত থেকে আমদানি করা রাসায়নিক ব্যবহার করে এই মাদক তৈরি করা হয়। ফলে সমুদ্রে সামরিক হামলাকে মাদক সংকট মোকাবিলার কার্যকর উপায় হিসেবে দেখার বিষয়ে প্রশ্ন উঠেছে।

অভিযানগুলোর পদ্ধতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতা ও সামরিক আইন বিশেষজ্ঞরা। গত মে মাসে পেন্টাগনের পরিদর্শক সংস্থা জানায়, এসব অভিযানে সামরিক বাহিনী নির্ধারিত লক্ষ্যবস্তু নির্বাচন ও হামলা পরিচালনার নিয়ম অনুসরণ করেছে কি না, তা পর্যালোচনার পরিকল্পনা রয়েছে। তবে ওই পর্যালোচনায় হামলার আইনগত বৈধতা যাচাই করা হবে না।

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত সেপ্টেম্বরে আঞ্চলিক মিত্রদের সঙ্গে সমন্বয় করে এ ধরনের অভিযান পরিচালনার পক্ষে অবস্থান জানান। গত মাসে পেরুতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এককভাবেও অভিযান চালাতে সক্ষম হলেও অংশীদারদের নিয়ে কাজ করাই বেশি কার্যকর।

তবে প্রয়োজনে মার্কিন সামরিক বাহিনী নিজস্ব উদ্যোগেও নৌযানে হামলা চালাবে বলে ইঙ্গিত দিয়েছেন রুবিও। তার বক্তব্য অনুযায়ী, প্রতিটি অভিযানের সিদ্ধান্ত নেওয়া হবে সংশ্লিষ্ট পরিস্থিতি বিবেচনায়।

সূত্র: এপি

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান