শেরপুরের শ্রীবরদীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থী ও উপস্থিত ব্যক্তিদের সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি হাতে-কলমে শেখানো হয়।
বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘হাত ধোয়ার নায়ক হোন’।
কর্মসূচির শুরুতে হাত ধোয়ার সঠিক পদ্ধতি নিয়ে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে কোমলমতি শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত অন্যদেরও পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্য সুরক্ষায় নিয়ম মেনে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা আহমেদের সভাপতিত্বে সোমেশ্বরী হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান সভাটি সঞ্চালনা করেন।
আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) হাসিব উল আহসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান আকন্দ, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সদস্য সচিব সোহানুর রহমান সোহান এবং যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইখলাসুর রহমান লিটনসহ অন্যরা।
বক্তারা ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসএস