রাজধানীর বিভিন্ন এলাকা ও চট্টগ্রামের একাংশে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে জনজীবনে ভোগান্তি তৈরি হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটের দিকে এ পরিস্থিতির সৃষ্টি হয়। বিদ্যুৎ না থাকায় সচিবালয় ও বাংলাদেশ ব্যাংকসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা এবং আশপাশের এলাকার কার্যক্রম ব্যাহত হচ্ছে।
বিদ্যুৎ সরবরাহে এই বিঘ্নের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। জাতীয় গ্রিডের ব্যবস্থা স্বাভাবিক করতে কাজ করছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। সংস্থাটির প্রকৌশলীরা পর্যায়ক্রমে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালুর চেষ্টা করছেন।
পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, রাজধানীর পূর্বাঞ্চলের ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় সরবরাহ বন্ধ রয়েছে। মগবাজার, মধুবাগ, শান্তিনগর, মালিবাগ, বনশ্রী ও খিলগাঁও এলাকাতেও বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা।
সচিবালয়ের বিদ্যুৎ বিভাগের দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানান, ডিপিডিসির পক্ষ থেকে গ্রিড বিপর্যয়ের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা জানানো হয়েছে। তবে ঠিক কোন গ্রিডে সমস্যা হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)। প্রাথমিকভাবে ধানমন্ডি-উলন গ্রিডে ত্রুটি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, বিদ্যুৎব্যবস্থা স্বাভাবিক করার কাজ চলছে। বর্তমানে জাতীয় গ্রিডের কার্যক্রম ন্যাশনাল লোড ডেসপাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে রয়েছে। তবে বিদ্যুৎ বিপর্যয়ের প্রকৃত কারণ জানতে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।
এদিকে দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
সদ্য সংবাদ/এসএস