প্রথম স্ত্রীকে তালাক না দিয়েই তাঁর আপন ছোট বোনকে বিয়ে করে আলোচনায় আসা টিকটকার ও আইনজীবীর সহকারী মো. মাসুদ রানা এবার নিজের সিদ্ধান্তের জন্য অনুতাপ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে ফেসবুক লাইভে এসে সবার কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি দ্বিতীয় স্ত্রীকে তালাক দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে ফেসবুক লাইভে মাসুদ রানা নিজের সিদ্ধান্তকে ভুল বলে স্বীকার করেন। এ সময় হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করেন তিনি। একই সঙ্গে তাঁকে ও তাঁর দুই স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও প্রকাশ বন্ধ করার অনুরোধ জানান।
লাইভে মাসুদ রানা বলেন, প্রথম স্ত্রীকে বিবাহবন্ধনে রেখেই তাঁর ছোট বোনকে বিয়ে করাটা ছিল বড় ভুল। বিষয়টির সামাজিক ও ধর্মীয় দিক সম্পর্কে যথাযথ ধারণা না থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে দাবি করেন তিনি। পরিস্থিতি বুঝতে পারলে এভাবে বিয়ের সিদ্ধান্ত নিতেন না বলেও জানান।
নিজের ভবিষ্যৎ জীবন নিয়ে মাসুদ রানা বলেন, সমাজ ও পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি চলতে চান। এ সময় দ্বিতীয় স্ত্রীকে তালাক দেওয়ার কথাও স্পষ্টভাবে জানান তিনি।
ঘটনার সূত্রপাত নওগাঁর বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের বৈরাগীপাড়ায়। সেখানে একটি ভাড়া বাসায় প্রথম স্ত্রী মৌসুমীকে নিয়ে বসবাস করতেন মাসুদ রানা। গত ২৪ অক্টোবর ওই বাসায় গায়ে হলুদের আয়োজন করা হয়। পরদিন ২৫ অক্টোবর তিনি প্রথম স্ত্রীর ছোট বোন পূর্ণিমাকে বিয়ে করেন।
বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে মাসুদ রানা নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়েছিলেন। তাঁর দাবি ছিল, প্রথম স্ত্রী মৌসুমীর সম্মতি ও সহযোগিতা নিয়েই তিনি এ বিয়ে করেছেন। পূর্ণিমার অন্যত্র বিয়ে হলে আগে ধারণ করা টিকটক ভিডিও নিয়ে তাঁকে হয়রানির শিকার হতে হতে পারে—এমন আশঙ্কা থেকেও সিদ্ধান্তটি নিয়েছিলেন বলে জানিয়েছিলেন তিনি।
পরে দুই স্ত্রীকে নিয়ে ছবি ও ভিডিও প্রকাশের পর ঘটনাটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয় এবং স্থানীয় পর্যায়েও উত্তেজনা দেখা দেয়।
এরই মধ্যে সোমবার (২৬ অক্টোবর) রাতে মহাদেবপুর উপজেলার মাতাজি বিরামগ্রাম এলাকায় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রথম স্ত্রীকে সঙ্গে রেখেই তাঁর ছোট বোনকে বিয়ে করার ঘটনায় ক্ষুব্ধ কয়েকজন ব্যক্তি মাসুদ রানার মুখে চুন-কালি মেখে তাঁকে এলাকা থেকে বের করে দেন বলে জানা গেছে।
ঘটনার পরদিন ফেসবুক লাইভে এসে ক্ষমা চাওয়া এবং দ্বিতীয় স্ত্রীকে তালাক দেওয়ার ঘোষণার মধ্য দিয়ে নিজের অবস্থান পরিবর্তনের কথা জানালেন মাসুদ রানা।
সদ্য সংবাদ/এসএস