হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রথমবারের মতো ‘ইন্টারন্যাশনাল কংগ্রেস অন বায়োমেডিক্যাল ইন্টেলিজেন্স, এআই ইনোভেশন অ্যান্ড সাসটেইনেবল ইমার্জিং টেকনোলজিস (আইসিবিআইএসইটি-২০২৬)’ শীর্ষক আন্তর্জাতিক কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োমেডিক্যাল ইন্টেলিজেন্স এবং টেকসই উদীয়মান প্রযুক্তিকে কেন্দ্র করে আয়োজিত এ কংগ্রেসে দেশ-বিদেশের গবেষক, শিক্ষক, প্রযুক্তিবিদ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে জ্ঞান বিনিময় এবং গবেষণা সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবনের সম্মেলনকক্ষে কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান ও অফলাইন পর্ব অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের আইইইই হাবিপ্রবি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. এনামুল্যা।
অনুষ্ঠানে প্রধান মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক এবং আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার-এর সাবেক চেয়ার অধ্যাপক ড. এম. সোহেল রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জামিল সুলতান এবং একই অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক, আইইইই-এর জ্যেষ্ঠ সদস্য এবং আইইইই হাবিপ্রবি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারের উপদেষ্টা ড. তানজিনা সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. এনামুল্যা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োমেডিক্যাল ইন্টেলিজেন্স এবং টেকসই উদীয়মান প্রযুক্তি আগামী দিনের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের অন্যতম চালিকাশক্তি। এ ধরনের আন্তর্জাতিক আয়োজন দেশি-বিদেশি গবেষকদের মধ্যে জ্ঞান বিনিময়, যৌথ গবেষণা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, গবেষণামুখী বিশ্ববিদ্যালয় হিসেবে হাবিপ্রবি আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। এ কংগ্রেসে উপস্থাপিত গবেষণা ও মতবিনিময় স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা, শিল্প এবং টেকসই উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে ড. তানজিনা সুলতানা জানান, চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে আইইইই কম্পিউটেশনাল ইন্টেলিজেন্স সোসাইটি (সিআইএস) হাবিপ্রবি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার-এর উদ্যোগে আরও বৃহৎ পরিসরে একটি আন্তর্জাতিক সম্মেলন বা সিম্পোজিয়াম আয়োজনের পরিকল্পনা রয়েছে।
কংগ্রেসের দ্বিতীয় পর্ব সন্ধ্যা ৭টা থেকে অনলাইনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, জার্মানি, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা মূল বক্তব্য উপস্থাপন করবেন। তাঁদের মধ্যে রয়েছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) অধ্যাপক এবং আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার-এর চেয়ার ড. মো. ওবায়দুর রহমান, মালয়েশিয়ার মাল্টিমিডিয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. জাকির হোসেন, যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহযোগী ড. মো. আল আমিন, দক্ষিণ কোরিয়ার কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কাইস্ট)-এর পোস্টডক্টরাল গবেষক ড. ইরফান উল্লাহ এবং জার্মানির পাডারবর্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহযোগী ও পিএইচডি গবেষক উমাইর কুদুস।