ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার সকালে রামরাইল ও বাড়িউড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয় সূত্র ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে স্ত্রী-সন্তানদের নিয়ে সরাইল-বিশ্বরোড যাচ্ছিলেন কাউসার মিয়া। পথিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশ্বর এলাকায় পেছন দিক থেকে একটি মাছভর্তি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়।
এ ঘটনায় গুরুতর আহত হন অটোরিকশার চালক মাহবুব (৪৫), অটোরিকশার যাত্রী জোসনা বেগম (৪০) ও তাঁর শিশুপুত্র আশরাফুল (৫), জোসনার স্বামী কাউসার (৫০) এবং তাঁদের মেয়ে আদিবা (৪)। পরে তাঁদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চালক মাহবুব, জোসনা বেগম ও তাঁর শিশুপুত্র আশরাফুলের মৃত্যু হয়। আহত অন্যদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের বাড়ি জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই ঘাতক পিকআপ ভ্যানচালক ও তাঁর সহযোগী পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা যায়নি।
এদিকে সকাল ৬টায় ঢাকা-সিলেট মহাসড়কের জেলার সরাইলে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রী মো. অলি মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার বাড়িউড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অলি মিয়া সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বরইবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি হাজি মোহাম্মদ ইদন মিয়ার ছেলে।