ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান নবীনগরের পূর্বাঞ্চলে নতুন উপজেলা প্রতিষ্ঠার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, প্রয়োজনীয় প্রশাসনিক শর্ত পূরণ করা গেলে ভবিষ্যতে পূর্বাঞ্চলে একটি নতুন উপজেলা বাস্তবায়ন করা সম্ভব হবে।
শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুরসম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল এবং ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, “নতুন উপজেলা গঠনের জন্য সাধারণত কমপক্ষে সাতটি ইউনিয়ন প্রয়োজন হয়। বর্তমানে পূর্বাঞ্চলে ছয়টি ইউনিয়ন রয়েছে। যদি আরও একটি ইউনিয়ন এ অঞ্চলের সঙ্গে যুক্ত করা সম্ভব হয়, তাহলে উপজেলা প্রতিষ্ঠার প্রয়োজনীয় শর্ত পূরণ হবে এবং আমরা পূর্বাঞ্চলে নতুন উপজেলা বাস্তবায়নের উদ্যোগ নিতে পারব।”
তিনি আরও বলেন, “এ অঞ্চলের শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আমি একটি কারিগরি ও প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার পরিকল্পনা করছি। আধুনিক যুগের চাহিদা অনুযায়ী তরুণদের দক্ষ করে তুলতে একটি টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে সফল হতে হলে শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রতিও গুরুত্ব দিতে হবে। সুশিক্ষা, নৈতিকতা ও দেশপ্রেমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
কলেজের গভর্নিং বডির সভাপতি মোজাম্মেল হক (মাসুম)-এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার।
বিশেষ অতিথি ছিলেন শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. আর. মুজিব, শিবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি কে. এম. রোকন উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সদস্য মো. মাহবুবুর রহমান, শিবপুর ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক লুৎফুর রহমান এবং নবীনগর উপজেলা বিএনপির সদস্য জিয়াউর রহমান মাস্টারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা তাদের কলেজজীবনের নানা স্মৃতি, অনুভূতি ও অভিজ্ঞতা তুলে ধরে স্মৃতিচারণ করেন। আবেগঘন পরিবেশে তারা শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যৎ জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনা করে বলেন, শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশ করতে হবে। এর মাধ্যমে তারা নিজেদের যোগ্য, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে।
আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষার্থীদের কল্যাণ ও সফলতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
উপস্থিতদের মতে, পূর্বাঞ্চলে উপজেলা প্রতিষ্ঠা এবং একটি টেকনিক্যাল কলেজ স্থাপনের ঘোষণায় এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।