আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ২০ এপ্রিল থেকে শুরু হওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ ইতোমধ্যে প্রশমিত হতে শুরু করেছে। চলতি মৌসুমে রাজশাহীতে সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
সিনিয়র আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, সোমবার সন্ধ্যার পর থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বজ্রমেঘের প্রবণতা বাড়তে পারে। ধীরে ধীরে এই বৃষ্টিপাত ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগেও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় ভারি বৃষ্টি, কালবৈশাখী ঝড় এবং বজ্রপাতের ঝুঁকিও থাকবে।
এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, মেঘালয় ও সংলগ্ন ভারতীয় সীমান্ত এলাকায় ভারি বৃষ্টির কারণে উজানের ঢল বাড়তে পারে। এতে সারিগোয়াইন, যাদুকাটা, মনু, খোয়াই ও কংস নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে।
ফলে সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় আকস্মিক বন্যার উচ্চঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কেন্দ্রের প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া বলেন, 'উজানের অতিভারি বৃষ্টির ফলে হাওরাঞ্চলে দ্রুত পানি প্রবেশ করতে পারে, যা নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি করবে।'