জামালপুরের মাদারগঞ্জে পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বালিজুড়ী ইউনিয়নের নাদাগাড়ী এলাকার অবিনূর, সেলিম, সুমন ও সুমন ওরফে নুরু মিয়া এবং গাবেরগ্রাম এলাকার রাসেল মিয়া। রাসেল মিয়া মাদারগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।
পুলিশের ভাষ্য, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ট্রান্সফরমার চুরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত দুই মাসে মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ২৬টির বেশি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগ পাওয়া গেছে। এসব চুরির কারণে সাধারণ গ্রাহকের পাশাপাশি কৃষকদেরও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। এতে ভোগান্তিতে পড়েন স্থানীয়রা।
একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনায় মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। একপর্যায়ে একটি চক্রের সন্ধান পাওয়ার দাবি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, কোনো ব্যক্তির ব্যক্তিগত অপকর্মের দায় সংগঠন নেবে না। তদন্তে ওই নেতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে দ্রুত কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। চক্রটির মূলহোতাদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য আদালতে তাদের সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
ওসি আরও জানান, ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
সদ্য সংবাদ/ এআর