রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে সৃষ্ট সংঘর্ষের প্রভাব পড়েছে মেট্রোরেল চলাচলেও। নিরাপত্তাজনিত কারণে মিরপুর এলাকার তিনটি স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার পর থেকে মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে যাত্রী ওঠানামা বন্ধ রয়েছে। ফলে এসব স্টেশন ব্যবহারকারী যাত্রীদের বিকল্প স্টেশন থেকে মেট্রোরেলে যাতায়াত করতে হচ্ছে।
পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে মিরপুর এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ শুরু হলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। সংঘর্ষের কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে। এর পরিপ্রেক্ষিতে মেট্রোরেলের ওই তিন স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি বন্ধ রাখা হয়।
মেট্রোরেল পুলিশের (এমআরটি পুলিশ) অপারেশন বিভাগের পরিদর্শক মো. মহসীন শেখ গণমাধ্যমকে স্টেশনগুলো বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রমিকদের আন্দোলন ও সংঘর্ষের কারণে সড়কপথের পাশাপাশি গণপরিবহনেও ভোগান্তিতে পড়েছেন রাজধানীর সাধারণ যাত্রীরা।
সদ্য সংবাদ/এসএস