আন্তর্জাতিক পর্যায়ে জীবাণু নিরাপত্তা ও বায়োসিকিউরিটি ঝুঁকি মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে ফ্রান্সে অনুষ্ঠিতব্য ইন্টারপোলের দ্বিতীয় গ্লোবাল বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিচ্ছেন বাংলাদেশের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
রোববার (১ নভেম্বর) সকালে সম্মেলনে অংশ নিতে ফ্রান্সের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। আগামী ৩ নভেম্বর থেকে ফ্রান্সের লিয়ঁ শহরে ইন্টারপোল সদর দপ্তরে শুরু হবে তিন দিনের এই আন্তর্জাতিক আয়োজন। চলবে ৫ নভেম্বর পর্যন্ত।
ইন্টারপোলের বায়োটেররিজম প্রিভেনশন ইউনিটের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তা, জীবাণু নিরাপত্তা বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদরা অংশ নেবেন।
সম্মেলনে বৈশ্বিক বায়োসিকিউরিটি পরিস্থিতি, জীবাণুজনিত নিরাপত্তাঝুঁকি এবং বায়োটেররিজমের সম্ভাব্য হুমকি নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে এসব ঝুঁকি আগেভাগে শনাক্ত করা, প্রতিরোধ এবং মোকাবিলায় কার্যকর কৌশল নির্ধারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
আন্তর্জাতিক এই সম্মেলনে অংশগ্রহণের মধ্য দিয়ে বায়োসিকিউরিটি বিষয়ে বিভিন্ন দেশের অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ তৈরি হবে। সম্মেলনের কার্যক্রম শেষে আগামী ৭ নভেম্বর আইজিপি মো. আলী হোসেন ফকিরের দেশে ফেরার কথা রয়েছে।
সদ্য সংবাদ/এসএস