মসজিদের জুমার খুতবায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলার অভিযোগকে কেন্দ্র করে দায়িত্ব হারিয়েছেন ময়মনসিংহের নান্দাইল পৌরসভার একটি জামে মসজিদের খতিব মাওলানা মোজাহিদুল ইসলাম। পুরাবাড়িয়া মোড় এলাকার বাইতুল মাহফুজ জামে মসজিদ কমিটি তাকে অব্যাহতি দিয়েছে। তবে এ সিদ্ধান্ত নিয়ে স্থানীয় মুসল্লিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর শুক্রবারের খুতবায় ‘মূর্তি ও ভাস্কর্যের ইতিহাস-ঐতিহ্য এবং তা থেকে মুসলমানদের উত্তরণ’ বিষয়ে আলোচনা করেন মাওলানা মোজাহিদুল ইসলাম। আলোচনার একপর্যায়ে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের প্রসঙ্গ তুলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলে উল্লেখ করেন তিনি। এ বক্তব্যের পর মসজিদ কমিটির সভাপতি ফেরদৌস ভূঁইয়া তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়। বাসিন্দা আ. হক ও সোলাইমান মিয়া মনে করেন, খতিবের বক্তব্যে কারও আপত্তি থাকলে তা আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা যেত। তাদের মতে, হঠাৎ করে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া সমীচীন হয়নি।
অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে মাওলানা মোজাহিদুল ইসলাম বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনার সময় উদাহরণ হিসেবে শেখ হাসিনাকে নিয়ে ওই মন্তব্য করেছিলেন। তার দাবি, মসজিদ কমিটির সভাপতি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাকে দায়িত্বচ্যুত করেছেন।
তবে খতিবের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন মসজিদ কমিটির সভাপতি ফেরদৌস ভূঁইয়া। তার দাবি, খতিব জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। এক বছর আগে এক ছাত্রদল নেতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে দোয়া করার অনুরোধ জানালেও তিনি তা করেননি। এ ছাড়া মসজিদে রাজনৈতিক আলোচনা এবং সর্বশেষ জুমার খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলার বিষয়েও আপত্তি ওঠে।
ফেরদৌস ভূঁইয়া জানান, এসব বিষয় বিবেচনায় নিয়ে কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে মাওলানা মোজাহিদুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেন।
সদ্য সংবাদ/এসএস