তিনি বলেন, এই প্রকল্প থেকে বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১০ শতাংশ পূরণ হবে এবং প্রায় ২ কোটি মানুষ এর সুফল পাবে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে পিআইডি’র সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।
জ্বালানি তেলের কোনো সংকট নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, বর্তমানে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে আরও ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আসবে।
বিভিন্ন পাম্পে দীর্ঘ সারিও নেই, ফলে শিগগিরই সংকটের বিষয়টি দূর হবে।
ডা. জাহেদ উর রহমান জানান, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গত মাসে ১৩ হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ টাকার বরাদ্দে ১৪টি প্রকল্পের অনুমোদন দিয়েছে।
এর মধ্যে ৫টি নতুন এবং ৫টি সংশোধিত প্রকল্প রয়েছে। বিদ্যুৎ উৎপাদন, সড়ক যোগাযোগ ও স্থানীয় প্রশাসন উন্নয়নমূলক এসব প্রকল্পে অর্থ বরাদ্দ করা হয়েছে।
তিনি বলেন, আমরা নতুন প্রকল্পের মাধ্যমে দেশের উন্নয়ন এবং জনগণের কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করছি। তবে জ্বালানি মূল্যের কারণে যানবাহনের ভাড়া বেড়েছে, যদিও ঢাকার বাস ও মিনিবাসের সরকারি ভাড়া অপরিবর্তিত রয়েছে বলে জানান তিনি।
সীমান্ত হত্যা ৭৫ শতাংশ কমেছে উল্লেখ করে তিনি বলেন, এটি পুরোপুরি শূন্যে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে।
প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এটি সম্ভব হবে।
হাম বিষয়ে তিনি বলেন, এ পর্যন্ত ৯৪ লাখ ২৩ হাজার ৭৯৯ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। শিশুমৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, টিকাদান কর্মসূচি সরকারের প্রধান অগ্রাধিকার।
গণমাধ্যম প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, গণমাধ্যমে ভুল তথ্য ও অপতথ্য প্রচার কোনোভাবেই সহ্য করা হবে না। তারা সরকারের যৌক্তিক সমালোচনা করুক, তবে ভুল তথ্য প্রচার গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, দেশে জঙ্গি রয়েছে, তবে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়নি যে জনগণকে আতঙ্কিত হতে হবে।
তিনি অভিযোগ করে বলেন, অতীত সরকারের সময়ে জঙ্গি নিয়ে অতিরঞ্জিত প্রচার হয়েছে। আবার অন্তর্বর্তী সরকারের ‘দেশে জঙ্গি নেই’- এ বক্তব্যও সঠিক ছিল না।
তিনি জানান, গত দুই মাসে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সরকার কঠোর অভিযান অব্যাহত রেখেছে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানায়, আজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফিজিক্যাল স্টার্টআপ (ফুয়েল লোডিং) উদ্বোধন করবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদও উপস্থিত থাকবেন।
ফুয়েল লোডিং শেষে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে আগস্টের তৃতীয় সপ্তাহে ৩শ’ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। পরবর্তীতে ধাপে ধাপে আগামী জানুয়ারিতে পূর্ণ সক্ষমতায় ১২শ’ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত হবে।
দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ ২০২৭ সালের শেষ দিকে গ্রিডে যুক্ত হওয়ার কথা রয়েছে।