সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সংসদ সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন এবং সংবিধান সংস্কার পরিষদের প্রতি দলীয় অবস্থান স্পষ্ট করেন। উল্লেখ্য, শপথ গ্রহণ সত্ত্বেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আলাদা শপথ গ্রহণ আজ হয়নি।
বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান। একই অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করবেন। দীর্ঘ দুই দশক পর বিএনপির রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এবার প্রথমবারের মতো বঙ্গভবনের পরিবর্তে সংসদ ভবনের উন্মুক্ত চত্বরে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
শপথ অনুষ্ঠানকে ঘিরে সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বিজিবি। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে, যার মধ্য দিয়ে নতুন সরকার পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করবে।