এশিয়ান গেমসের ক্রিকেটে পদকশূন্যই থাকল বাংলাদেশের পুরুষ দল। সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারের পর এবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে পরাজিত হয়েছে টাইগাররা। ৬৩ রানের এই হারে ব্রোঞ্জপদকও হাতছাড়া হয়েছে বাংলাদেশের।
জাপানের নাগোয়ায় টস জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। শুরুতেই প্রতিপক্ষের ব্যাটিংয়ে ধস নামিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দেয় বাংলাদেশ। অভিষেক ম্যাচে আলিস আল ইসলামের ঘূর্ণিতে চাপে পড়ে মাত্র ২১ রানেই চার উইকেট হারায় লঙ্কানরা।
তবে এরপর পরিস্থিতি বদলে যায়। থারিন্দু রত্নায়েকে ও সহান আরাচাগের ব্যাটে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। শেষের দিকে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে দ্রুত রান তুলতে থাকে তারা। এর মধ্যে মোস্তাফিজুর রহমানের করা একটি ওভারে ২৫ রান তুলে নেয় লঙ্কান ব্যাটাররা।
শেষ পর্যন্ত রত্নায়েকের ৩২ বলে ৬৫ রানের আক্রমণাত্মক ইনিংসের ওপর ভর করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে মেহেদী হাসান, সাইফ হাসান ও মোস্তাফিজুর রহমান দুটি করে উইকেট নেন।
জয়ের জন্য ১৬৬ রানের লক্ষ্য বাংলাদেশের সামনে। কিন্তু ইনিংসের শুরুতেই ধাক্কা খায় দলটি। কোনো রান যোগ হওয়ার আগেই সাজঘরে ফেরেন সাইফ হাসান ও তানজিদ হাসান। এরপর অধিনায়ক লিটন দাসও থুসারা জয়সূরিয়ার বলে বোল্ড হয়ে শূন্য রানে আউট হন।
মাত্র ৯ রানে তিন উইকেট হারানোর পরও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। কিন্তু মিডল অর্ডারেও প্রত্যাশিত প্রতিরোধ দেখা যায়নি। তাওহিদ হৃদয় ১১ এবং পারভেজ হোসেন ২০ রান করে ফেরার পর দ্রুতই উইকেট হারাতে থাকে দল।
৬৪ রানের মধ্যেই ছয় ব্যাটারকে হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ। শেষদিকে নাসুম আহমেদ কিছুটা লড়াই করেন। ২৮ বলে ২৬ রান করলেও দলের পরাজয় এড়ানোর জন্য তা যথেষ্ট ছিল না।
১৭ ওভার ৩ বল খেলেই ১০২ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ফলে ৬৩ রানের জয় নিয়ে এশিয়ান গেমসের ক্রিকেটে ব্রোঞ্জপদক নিশ্চিত করে শ্রীলঙ্কা।
এর আগে সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে সোনা ও রুপার লড়াই থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। এবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও পরাজয়ে পুরুষ দলকে ফিরতে হচ্ছে কোনো পদক ছাড়াই। নারী দলের পর পুরুষ দলও ক্রিকেট ইভেন্টে পদকহীন থাকল।
সদ্য সংবাদ/এসএস