বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
রোববার (৪ অক্টোবর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, অভিবাসন ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন সুযোগ নিয়ে মতবিনিময় করেন তারা।
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টিও আলোচনায় আসে। ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিসর আরও বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রী ও ব্রিটিশ হাইকমিশনার।
দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বহুমাত্রিক পর্যায়ে নেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়। পারস্পরিক স্বার্থে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়ে আশাবাদ প্রকাশ করেন উভয় পক্ষ।
সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসএস