গত জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া অন্তর্বর্তী চুক্তিতে উল্লেখিত সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ।
বার্তাসংস্থা নুরনিউজ রোববার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ঘালিবাফ বলেন, গণমাধ্যমের সামনে যুক্তরাষ্ট্র এক ধরনের বক্তব্য দিলেও সম্প্রতি মধ্যস্থতাকারীদের মাধ্যমে দেশটি নতুন একটি প্রস্তাব দিয়েছে। তবে প্রক্রিয়া দীর্ঘায়িত করা কিংবা একতরফা দাবি তোলার সময় শেষ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
ইরানের পার্লামেন্টের স্পিকার বলেন, ইসলামিক রিপাবলিক অব ইরানের অবস্থান অত্যন্ত স্পষ্ট ও দৃঢ়। জুনে হওয়া ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তিতে নির্ধারিত সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলার কোনো সুযোগ নেই।
এর আগে রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ নিরসনে তেহরান নতুন একটি প্রস্তাব দিয়েছে। ওয়াশিংটন ওই প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে বলে জানান তিনি।
বিদেশি দূতদের সঙ্গে আলোচনায় আরাঘচি বলেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানের শর্তগুলো স্পষ্টভাবে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রকে অবশ্যই এসব শর্ত মেনে নিতে হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তারা আশা করছেন যুক্তরাষ্ট্র কূটনৈতিক পথ বেছে নেবে। তবে ওয়াশিংটন যদি আবার সামরিক পদক্ষেপের দিকে এগোয়, সেক্ষেত্রে ইরানও প্রস্তুত রয়েছে বলে সতর্ক করেন তিনি।
আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র সামরিক সমাধানের দিকে এগোলে আগের তুলনায় আরও বেশি প্রস্তুত থাকবে ইরান। নিজেদের সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। সূত্র: নুরনিউজ
সদ্য সংবাদ/ এআর