ফুটবল মাঠের বাইরেও মালিকানা ও বিনিয়োগে নিজের পরিধি বাড়াচ্ছেন লিওনেল মেসি। স্পেনের পেশাদার ফুটবলের ক্লাব দেপোর্তিভো এলদেনসের মালিকানা আনুষ্ঠানিকভাবে নিয়েছেন আর্জেন্টাইন এই তারকা। বৃহস্পতিবার (১ অক্টোবর) ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে এলদেনসের মালিকানা নিতে মেসির প্রাথমিক চুক্তির খবর প্রকাশ্যে এসেছিল। এবার সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা জানিয়ে এক বিবৃতিতে ক্লাবটি বলেছে, মেসির অধিগ্রহণের মধ্য দিয়ে শতবর্ষী ক্লাবটির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।
ক্লাবটির ভাষ্য, মেসির মতো বিশ্ব ফুটবলের অন্যতম পরিচিত ব্যক্তিত্বের মালিক হিসেবে স্প্যানিশ পেশাদার ফুটবলে যুক্ত হওয়া এলদেনসের জন্য দীর্ঘমেয়াদি ক্রীড়া, প্রাতিষ্ঠানিক ও সামাজিক উন্নয়ন পরিকল্পনার সুযোগ তৈরি করবে।
তবে মালিকানা হস্তান্তরের বিষয়টি এখনো স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বর্তমানে এলদেনসে কলম্বিয়ান বিনিয়োগকারী প্রতিষ্ঠান গ্রুপো টিএইচের মালিকানাধীন। প্রতিষ্ঠানটির কলম্বিয়া ও সুইজারল্যান্ডেও ফুটবল ক্লাব রয়েছে।
এলদেনসে স্পেনে মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব। এর আগে চলতি বছরের শুরুতে বার্সেলোনা শহরের পঞ্চম স্তরের দল কর্নেলার মালিকানা নেন তিনি। কর্নেয়া এখনো আধা-পেশাদার পর্যায়ে থাকায় এলদেনসের সঙ্গে প্রতিযোগিতামূলক কাঠামোয় সরাসরি সংঘাতের সম্ভাবনা সীমিত।
পেশাদার ফুটবল ক্লাবের মালিক হিসেবে এলদেনসে মেসির জন্য নতুন অভিজ্ঞতাও বটে। এর আগে কর্নেয়ায় বিনিয়োগ করলেও সেটি আধা-পেশাদার দল। ফলে পেশাদার পর্যায়ের একটি ক্লাবের মালিকানা নেওয়ার মাধ্যমে ফুটবলে তার ব্যবসায়িক উপস্থিতি আরও বিস্তৃত হলো।
১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেনসে দীর্ঘ সময় স্পেনের শীর্ষ দুই বিভাগের বাইরে খেলেছে। ১৯৬৪ সালের পর প্রথমবার ২০২৩ সালে দ্বিতীয় বিভাগে ওঠে দলটি। তবে ২০২৫ সালে অবনমন হয়ে বর্তমানে তৃতীয় স্তরের ফুটবলে খেলছে তারা।
এলদেনসের হোম ভেন্যু এলদা শহরের নুয়েভো পেপিকো আমাত স্টেডিয়াম। স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা ৫ হাজার ৭৭৬ জন।
সদ্য সংবাদ/এসকে