নেত্রকোনার বারহাট্টায় সিংধা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলা শহর থেকে তাকে আটক করা হয়। পরে শুক্রবার (২ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গোলাম কিবরিয়া খোকন উপজেলার সিংধা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের বাসিন্দা। রাজনৈতিক জীবনে তিনি প্রথমে সিংধা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরবর্তী সময়ে ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পান।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, বারহাট্টা শহরের মডেল স্কুল মোড়ে একটি ল্যাব ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
তবে খোকনের গ্রেপ্তারের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত আহমেদ নূরী। তার দাবি, কোনো মামলা না থাকলেও পুলিশ অবৈধভাবে খোকনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি খোকনের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
সদ্য সংবাদ/ এআর