ফিফা আসিয়ান কাপে অভিষেকটা জয় দিয়ে রাঙাতে পারল না বাংলাদেশ। প্রথম ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে লাল-সবুজের দল। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচের শুরুতে প্রতিদ্বন্দ্বিতা গড়লেও পরে রক্ষণভাগের ভুলে বড় ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে।
ফিফা র্যাঙ্কিংয়েও দুই দলের অবস্থানে ছিল বড় পার্থক্য। ম্যাচের আগে মালয়েশিয়া ছিল ১৩৬তম স্থানে, আর বাংলাদেশের অবস্থান ১৮১। মাঠের খেলাতেও সেই ব্যবধানের প্রভাব দেখা যায়।
ম্যাচের শুরুতে অবশ্য বাংলাদেশ বেশ গোছানো ফুটবল খেলেছে। প্রথম ১৫ মিনিটে মালয়েশিয়ার আক্রমণ সামলে সমানতালে লড়াই করে তারা। তবে ১৮ মিনিটে রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে আরিফ আইমান গোল করলে পিছিয়ে পড়ে বাংলাদেশ।
গোল হজমের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও কাঙ্ক্ষিত আক্রমণ তৈরি করতে পারেনি বাংলাদেশ। ৩৩ মিনিটে গোলের কাছাকাছি গিয়েও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় দলটি। এর পাঁচ মিনিট পর আবারও রক্ষণভাগের ভুলের সুযোগ নেয় মালয়েশিয়া। আইমান নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই একাদশে পরিবর্তন আনেন বাংলাদেশ কোচ থমাস ডুলি। ফাহমিদুল ও ফারহানের জায়গায় মাঠে নামেন শাহরিয়ার ইমন ও শুকি ইতোফুসা। পরিবর্তনের পর আক্রমণে কিছুটা গতি এলেও গোলের পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ।
বরং ৫২ মিনিটে আবারও রক্ষণভাগের ভুলে গোল হজম করে লাল-সবুজের দল। এবার গোল করেন বার্গসন। এতে মালয়েশিয়ার লিড দাঁড়ায় ৩-০।
এরপর ম্যাচে ফিরতে আরও দুটি পরিবর্তন করেন বাংলাদেশ কোচ। তারিক কাজী ও শমিত সোমের বদলে মাঠে নামেন শেখ মোরছালিন ও জিদান ইউসুফ। জাতীয় দলের হয়ে এ ম্যাচেই অভিষেক হয় জিদানের।
শেষদিকে ব্যবধান কমানোর কয়েকটি সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ৭৫ মিনিটে হামজা চৌধুরী পরপর দুটি শট নিলেও লক্ষ্যভেদ করতে পারেননি। পরে শাহরিয়ার ইমনের নেওয়া শটও সহজেই আটকে দেন মালয়েশিয়ার গোলরক্ষক।
অন্যদিকে, এই ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে ১৯ বছর বয়সী ফারহানের। ইংলিশ ক্লাব ফুলহামের খেলোয়াড় ফারহান বর্তমানে ধারে ইংল্যান্ডের ন্যাশনাল লিগের দল বোরহ্যাম উডে খেলছেন।
ফিফা আসিয়ান কাপের গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের পরবর্তী ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে। আগামী ২৮ সেপ্টেম্বর একই ভেন্যুতে মাঠে নামবে দুই দল। এরপর ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।
সদ্য সংবাদ/এসকে