বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশের বাজারেও এর সুফল পৌঁছে দিতে মূল্য সমন্বয়ের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে যশোর জেনারেল হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জ্বালানি তেলের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী জানান, আপাতত দেশের বাজারে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। বরং আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য কমলে দেশের ভোক্তাদের স্বস্তি দিতে দাম সমন্বয়ের বিষয়টি বিবেচনা করা হবে।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির ওপর দেশের জ্বালানি তেলের মূল্য অনেকটাই নির্ভরশীল। তাই বিশ্ববাজারে দাম কমার সুযোগ তৈরি হলে দেশের বাজারেও তার প্রভাব পড়ার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।
এ সময় দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি নিয়েও কথা বলেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানান, গ্যাস নিয়ে সাময়িক যে সংকট তৈরি হয়েছিল, তা বর্তমানে কেটে গেছে। এখন দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে বলেও দাবি করেন তিনি।
জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরবরাহ ও মূল্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।
সদ্য সংবাদ/এসকে