চট্টগ্রামের মীরসরাইয়ে মিয়ানমারে পাচারের প্রস্তুতিকালে বিপুল পরিমাণ ইউরিয়া সারসহ তিনজনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। অভিযানে চারটি ট্রাক ও একটি ফিশিং বোটও জব্দ করা হয়েছে।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইছাখালী ঘাট এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড স্টেশন মীরসরাই। এ সময় ট্রাক থেকে ফিশিং বোটে ইউরিয়া সার স্থানান্তরের দৃশ্য দেখতে পায় অভিযানকারী দল।
পরে সেখানে তল্লাশি চালিয়ে ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। কোস্টগার্ডের হিসাবে, জব্দ করা সারের পরিমাণ ৪৮ হাজার কেজি এবং আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৬০ হাজার টাকা।
অভিযানস্থল থেকে সার পরিবহনে ব্যবহৃত চারটি ট্রাক, একটি ফিশিং বোট এবং চোরাচালানের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়। কোস্টগার্ডের দাবি, সারগুলো অবৈধভাবে মিয়ানমারে পাঠানোর উদ্দেশ্যে ট্রাক থেকে নৌযানে তোলা হচ্ছিল।
শুক্রবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের তথ্য জানান।
তিনি বলেন, জব্দ করা সার, যানবাহন, ফিশিং বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সদ্য সংবাদ/এসএস