দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগ তৈরি করছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৯৫৫ জন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ডে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে চট্টগ্রাম ও ঢাকা অঞ্চলে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ২৪৬ জন এবং ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ২৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ১৩০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন, বরিশাল বিভাগে ৪৪ জন, রংপুর বিভাগে ৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের শুরু থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৭০ হাজার ১০৪ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪ হাজার ৮২৭ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৯৫৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পরিসংখ্যানে দেখা যাচ্ছে, চলতি সেপ্টেম্বরেও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে।
সদ্য সংবাদ/এসকে