যুক্তরাজ্যে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও মতবিনিময় কর্মসূচি নিয়ে সাত দিনের সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আগামী ১৩ নভেম্বর রাতে ঢাকা থেকে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।
১৩ থেকে ২১ নভেম্বর পর্যন্ত এই সফরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন নাহিদ ইসলাম। সফরের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক।
আলোচনায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের ভবিষ্যৎ, মানবাধিকার এবং তরুণ প্রজন্মের ভূমিকার মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। পাশাপাশি যুক্তরাজ্যে কর্মরত প্রবাসী সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।
জুলাই আন্দোলনের পর নাহিদ ইসলামের এটিই প্রথম যুক্তরাজ্য সফর বলে জানিয়েছেন সফর বাস্তবায়ন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এহতেশাম হক।
সফরকে কেন্দ্র করে আগামী ১৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় মেফেয়ার ভেন্যুতে নাহিদ ইসলামকে গণসংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে। এতে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
এদিকে সফরের সার্বিক প্রস্তুতি ও সমন্বয়ের জন্য গত ১ নভেম্বর ২৮৯ সদস্যের একটি বাস্তবায়ন কমিটি গঠন করে এনসিপি। দলের ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উদ্যোগে গঠিত এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এহতেশাম হক।
সদ্য সংবাদ/এসএস