ইরান ও আর্জেন্টিনার মধ্যে কূটনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার জবাবে এবার আর্জেন্টিনার নৌবাহিনী ও বিমানবাহিনীকে একই তালিকায় অন্তর্ভুক্ত করেছে তেহরান।
বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়েছে, পারস্পরিক প্রতিক্রিয়ার নীতির ভিত্তিতে আর্জেন্টিনার এই দুই সামরিক বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করছে ইরান।
তবে এ সিদ্ধান্তের বিস্তারিত ব্যাখ্যা দেয়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, এর ফলে ভবিষ্যতে যেসব পরিস্থিতি তৈরি হবে, তার সম্পূর্ণ দায়ভার বহন করতে হবে আর্জেন্টিনা সরকারকে। বিবৃতিতে দেশটির স্থলবাহিনী সম্পর্কে কোনো সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়নি।
মূলত গত এপ্রিল মাসে আর্জেন্টিনা সরকার আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সহযোগিতার অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকেও মিত্র দেশগুলোকে আইআরজিসির বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছিল।
আর্জেন্টিনার এই সিদ্ধান্তের পেছনে দেশটির অতীতের একটি ভয়াবহ হামলার ঘটনাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ১৯৯৪ সালে বুয়েনস আইরেসে ইহুদি কমিউনিটি সেন্টার এএমআইএতে বোমা হামলায় ৮৫ জন নিহত হন। আহত হন আরও শত শত মানুষ। ওই হামলার জন্য ইরান-সমর্থিত হিজবুল্লাহকে দায়ী করে আসছে আর্জেন্টিনা।
উল্লেখ্য, আইআরজিসি ইরানের সামরিক ও রাজনৈতিক কাঠামোর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাহিনী। দেশটির ধর্মীয় শাসনব্যবস্থা রক্ষা ছাড়াও অর্থনীতির বড় একটি অংশে এই বাহিনীর প্রভাব রয়েছে।
তেহরানের সর্বশেষ পদক্ষেপের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি সন্ত্রাসী সংগঠন ঘোষণার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: এএফপি
সদ্য সংবাদ/এসএস