৮২ বছর বয়সে ক্যাসেট শুনে পবিত্র কোরআন মুখস্থ করলেন মরিয়ম

স
সদ্য সংবাদ ডেস্ক
১১ নভেম্বর, ২০২৬ ১১:৪৫:২৯
ছবি: সংগৃহীত

ইচ্ছাশক্তি আর একাগ্রতা থাকলে বয়স কিংবা শারীরিক সীমাবদ্ধতা যে বাধা হয়ে দাঁড়াতে পারে না, তারই এক অনন্য উদাহরণ হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ। ইয়েমেনের এই নারী কখনো বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পাননি। পড়তে বা লিখতেও জানেন না। অথচ দীর্ঘ এক দশকের প্রচেষ্টায় শুধু কোরআন তিলাওয়াত শুনে সম্পূর্ণ ৩০ পারা মুখস্থ করেছেন তিনি।

ইয়েমেনের তায়েজ প্রদেশের জাবাল সাবর পাহাড়ি অঞ্চলের হাদনান গ্রামে জন্ম মরিয়মের। ছোটবেলায় এলাকার মেয়েদের শিক্ষার সুযোগ ছিল সীমিত। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে পরিচয় হয়নি তাঁর। জীবনের বড় একটি সময় কেটেছে সংসার সামলানো ও কৃষিকাজ করে। তবে পবিত্র কোরআন শেখার আকাঙ্ক্ষা কখনো হারিয়ে যায়নি।

বয়স ষাটের কোঠায় পৌঁছানোর পর ২০০৬ সালে কোরআন হিফজের সিদ্ধান্ত নেন মরিয়ম। ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে তাঁর শেখার পথ আরও সহজ হয়। এরপর শুরু হয় দীর্ঘ সাধনা।

প্রতিদিন বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে মুখস্থ করা আয়াত শোনাতেন তিনি। একই সঙ্গে নতুন আয়াত শেখার চেষ্টা করতেন। বাড়ি ফিরে সন্ধ্যায় ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং আগের শেখা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

এই যাত্রায় তাঁর নিত্যসঙ্গী ছিল একটি ক্যাসেট প্লেয়ার। বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে পছন্দ করতেন মরিয়ম। একটি ক্যাসেটের নির্ধারিত অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা নতুন ক্যাসেট এনে দিতেন।

তবে পুরো প্রক্রিয়াটি সহজ ছিল না। বিশেষ করে কিছু আয়াতের শব্দ ও বর্ণনায় মিল থাকায় সেগুলো আলাদা করে মনে রাখতে বেশ বেগ পেতে হয়েছে তাঁকে। সূরা তাওবা ও সূরা রাদের কয়েকটি আয়াত মুখস্থ করতে অন্যগুলোর তুলনায় বেশি সময় লেগেছে। তবু একই আয়াত বারবার শুনে এবং শিক্ষিকার কাছে অনুশীলন করে নিজের লক্ষ্য ধরে রেখেছেন তিনি।

অবশেষে ২০১৬ সালে দীর্ঘ দশ বছরের সাধনার পর কোরআনের ৩০ পারা মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। আনন্দাশ্রু নিয়ে সিজদায় গিয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তাঁর এই অর্জনে আনন্দিত হন পরিবারের সদস্য ও স্বজনেরাও।

মরিয়মের পরিবারে রয়েছেন এক ছেলে, তিন মেয়ে এবং ২১ জন নাতি-নাতনি। পরিবারের অনেকেই উচ্চশিক্ষিত হলেও তাঁদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয়, অক্ষরজ্ঞানহীন মা ও দাদি শুধু তিলাওয়াত শুনেই পুরো কোরআন মুখস্থ করেছেন। সব সূরার মধ্যে সূরা বাকারা তাঁর বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এটি পাঠ করার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ৮২ বছরের বেশি বয়সী মরিয়ম উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। বয়সের কারণে দৃষ্টিশক্তি কমেছে, কখনো কখনো মুখস্থ করা আয়াত স্মরণ করতেও অসুবিধা হয়। কিন্তু শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও কোরআনের সঙ্গে তাঁর সম্পর্ক অটুট রয়েছে।

মরিয়মের এই সাধনার সময় ইয়েমেনের তায়েজ অঞ্চলে যুদ্ধ, সংঘাত ও অবরোধের মতো প্রতিকূল পরিস্থিতি বিরাজ করছিল। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট এবং নানা সংকটের মধ্যেও কোরআন মুখস্থের অনুশীলন চালিয়ে গেছেন তিনি।

হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহর জীবন যেন মনে করিয়ে দেয়, শেখার জন্য বয়স কোনো বাধা নয়। প্রয়োজন আন্তরিক ইচ্ছা, ধৈর্য ও অধ্যবসায়। প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পেয়েও তাঁর এই অসাধারণ অর্জন কোরআনপ্রেমী মানুষের কাছে হয়ে উঠেছে অনুপ্রেরণার এক বিরল দৃষ্টান্ত।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ফিরতে চাইলে আইন মেনেই ফিরতে হবে: অ্যাটর্নি জেনারেল সদ্য. জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মামলার রায় ১৯ নভেম্বর সদ্য. স্বাস্থ্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ বাংলাদেশ ও নেপালের সদ্য. রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার সদ্য. বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ সদ্য. নেত্রকোণায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড সদ্য. বিএনপির তিন নেতার বাড়ির সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে সদ্য. মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ফিরতে চাইলে আইন মেনেই ফিরতে হবে: অ্যাটর্নি জেনারেল সদ্য. জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মামলার রায় ১৯ নভেম্বর সদ্য. স্বাস্থ্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ বাংলাদেশ ও নেপালের সদ্য. রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার সদ্য. বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ সদ্য. নেত্রকোণায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড সদ্য. বিএনপির তিন নেতার বাড়ির সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে