জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অবস্থান ও দাবি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ নভেম্বর) সকালে তুরস্কের আন্তালিয়ায় সম্মেলনের মূল ভেন্যুতে পৌঁছান তিনি।
স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে প্রবেশ করেন। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন।
সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা এবং সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তারেক রহমানের। এসব বৈঠকে জলবায়ু সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে।
এর আগে মঙ্গলবার তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
বৃহস্পতিবার কপ-৩১-এর পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সেখানে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ন্যায়বিচার প্রতিষ্ঠা, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়, পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন এবং অভিযোজন কার্যক্রম জোরদারের বিষয়গুলো তুলে ধরবেন তিনি।
এ ছাড়া জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং দীর্ঘমেয়াদি জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যাশা ও অবস্থান আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে উপস্থাপন করবেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ২১ সদস্যের একটি প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিচ্ছে। এতে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রতিনিধি দলে আরও রয়েছেন এসডিজি বিষয়ক প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) এবং উপ-প্রেস সচিব হাসান শিপলু।
সফর শেষে আগামী শুক্রবার (১৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
সদ্য সংবাদ/এসএস