প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রমে প্রশাসনিক ক্ষমতা আরও বিস্তৃত করেছে সরকার। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বদলির সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বিকেন্দ্রীকরণ করা হয়েছে। ফলে এক বিভাগ থেকে অন্য বিভাগে বদলি ছাড়া বাকি প্রক্রিয়া সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনিক পর্যায় থেকেই সম্পন্ন করা যাবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুকের এক প্রশ্নের জবাবে তিনি সরকারের এ পদক্ষেপের কথা তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষকদের বদলি ব্যবস্থাপনা উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা হয়েছে। তবে এক বিভাগ থেকে অন্য বিভাগে বদলির বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় থেকে নিষ্পত্তি করা হবে।
এদিকে স্কুল ও কলেজের পরিচালনা কমিটির সভাপতি হওয়ার যোগ্যতা নিয়েও সরকারের অবস্থান তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, এ পদে দায়িত্ব পালনের জন্য বিএ পাসের বাধ্যবাধকতা শিথিল করার সুযোগ রাখা হচ্ছে। কেউ প্রকৃত অর্থে শিক্ষানুরাগী হলে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন। আবেদন যাচাই-বাছাই করে মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
মন্ত্রী বলেন, আগের সরকারের সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্কুল ও কলেজের পরিচালনা কমিটির সভাপতি হওয়ার ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রিসহ নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার শর্ত ছিল। এ ছাড়া সংশ্লিষ্ট পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হওয়ার বাধ্যবাধকতাও রাখা হয়েছিল।
বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর দেশজুড়ে আলোচনা-সমালোচনা তৈরি হয় উল্লেখ করে ড. মিলন বলেন, শিক্ষানুরাগী ব্যক্তিদের জন্য শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করা যায় কি না, তা নিয়ে মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে। প্রকৃত শিক্ষানুরাগীরা আবেদন করলে তাঁদের বিষয়টি বিবেচনার সুযোগ রাখা হয়েছে।
অর্থাৎ, পরিচালনা কমিটির সভাপতি হতে বিএ পাস না থাকলেও নিজেকে প্রকৃত শিক্ষানুরাগী হিসেবে দাবি করে মন্ত্রণালয়ে আবেদন করার সুযোগ থাকছে। তবে আবেদন করলেই দায়িত্ব পাওয়ার নিশ্চয়তা নেই; এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়।
সদ্য সংবাদ/এজে