শরীয়তপুরের সখিপুর উপজেলার চরসেনসাস ইউনিয়নের বালারহাটে যাত্রা শুরু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট। বুধবার (১১ নভেম্বর) এম অ্যান্ড এম কর্পোরেশনের অধীনে পরিচালিত এ আউটলেটটির উদ্বোধন করা হয়।
মাস্টার ছায়েদ প্লাজায়, বিশ্বরোডসংলগ্ন এলাকায় স্থাপিত আউটলেটটির উদ্বোধনী আয়োজন শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শফিকুল ইসলাম বালা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ফরিদপুর জোনের এসভিপি ও হেড অব জোন মো. ইয়াকুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া জোনের ম্যানেজার মো. নুর ইসলাম এবং সখিপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালা।
অনুষ্ঠানে আউটলেটের পরিচালক মাসুদুর রহমান ও মাহবুব মোল্লা ছাড়াও স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা জসিম মুন্সি, ছাত্রদল নেতা কবির হোসেন, শাহপরান ও আল আমিনসহ এলাকার ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
বক্তব্যে মোস্তাক আহমেদ মাসুম বালা বলেন, বালারহাটে এজেন্ট ব্যাংকিং সেবা চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের আর্থিক লেনদেন ও ব্যাংকিং কার্যক্রমে সুবিধা বাড়বে। গ্রাহক হিসেবে তাঁরা আউটলেটটি থেকে উন্নত ও পূর্ণাঙ্গ সেবা পাওয়ার প্রত্যাশা করেন।
প্রধান অতিথি মো. ইয়াকুব আলী বলেন, ব্যাংকের নিয়মিত শাখা এবং এজেন্ট ব্যাংকিং আউটলেটের কার্যক্রম এক নয়। তবে এজেন্ট আউটলেটটি ইসলামী ব্যাংকের প্রতিনিধি হিসেবে নির্ধারিত পরিসরে ব্যাংকিং সেবা দেবে। এ সময় তিনি এজেন্ট ব্যাংকিংয়ের কার্যক্রম ও সেবার বিভিন্ন দিক ব্যাখ্যা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা দিয়ে আসছে ইসলামী ব্যাংক। বালারহাটে নতুন আউটলেট চালুর ফলে স্থানীয় গ্রাহকদের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারাও সহজে ব্যাংকিং সেবা নিতে পারবেন।
আউটলেটটির অবস্থান: মাস্টার ছায়েদ প্লাজা, বিশ্বরোডসংলগ্ন, বালারহাট, সখিপুর, শরীয়তপুর।
সদ্য সংবাদ/এজে