যশোর সদর উপজেলার মুনসেফপুরে শেখ আবু তালেব (৭০) নামে বিএনপির এক স্থানীয় নেতাকে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত আবু তালেব মুনসেফপুর গ্রামের মৃত শেখ মোতালেবের ছেলে। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমান কমিটির সদস্য ছিলেন।
পরিবার ও স্থানীয়দের ভাষ্য, ঘটনার দিন দুপুরে মসজিদের সামনে তাঁর ওপর হামলা চালান একই এলাকার শফিয়ার শেখ (৩৮)। ধারালো হাসুয়া দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাঁকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্ত। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয় বাসিন্দা নয়ন হোসেন জানান, আবু তালেব ও শফিয়ার দূরসম্পর্কের আত্মীয়। প্রায় ১৫ বছর আগে আবু তালেবের পরিবার শফিয়ারের জমির পাশের একটি জমি কেনে। ওই জমিটি শফিয়ারও কেনার আগ্রহী ছিলেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয়দের ধারণা, সেই বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে শফিয়ার শেখকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিলন মোল্লা। পুলিশ হেফাজতে থাকা অভিযুক্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জমিসংক্রান্ত বিরোধসহ হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সদ্য সংবাদ/এজে