বগুড়ার মাটিডালিতে স্থাপন করা পুরোনো যুদ্ধবিমান থেকে খুলে নেওয়া হয়েছে লেজের দিকের একটি অংশ। রাতের আঁধারে দুর্বৃত্তরা এটি চুরি করেছে বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে শহরের সৌন্দর্য ও ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত বিমানটির এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
জানা গেছে, প্রায় ২১ বছর আগে বগুড়া মহানগরের সড়ক সম্প্রসারণ ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের অংশ হিসেবে শহরের উত্তরের প্রবেশপথ মাটিডালিতে যুদ্ধবিমানটি স্থাপন করা হয়। সময়ের সঙ্গে এটি স্থানীয়দের কাছে পরিচিত একটি দর্শনীয় স্থানে পরিণত হয়।
সম্প্রতি বিমানটির লেজের পেছনের অংশে ভাঙা ও খোয়া যাওয়ার বিষয়টি নজরে আসে স্থানীয়দের। তাদের ধারণা, রাতের কোনো একসময় অজ্ঞাত ব্যক্তিরা ওই অংশ খুলে নিয়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রকাশ্য স্থানে এমন একটি স্মারক থাকা সত্ত্বেও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না থাকায় চুরির ঘটনা ঘটেছে। দ্রুত বিমানটির ক্ষতিগ্রস্ত অংশ পুনঃস্থাপন এবং সেখানে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা।
একই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, যুদ্ধবিমানটি শুধু সৌন্দর্যবর্ধনের উপকরণ নয়, বরং বগুড়া শহরের পরিচিতিরও একটি অংশ।
সদ্য সংবাদ/এসএস