মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সরকারি হিসাবে শরণার্থীর সংখ্যা কম দেখানো হলেও বাস্তবে এ সংখ্যা আরও বেশি বলে উল্লেখ করেছেন তিনি। বিপুলসংখ্যক রোহিঙ্গার দীর্ঘমেয়াদি আশ্রয় ও ভরণপোষণের কারণে বাংলাদেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে বলেও জানান মন্ত্রী।
বুধবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে জাতিসংঘের মিয়ানমারবিষয়ক মানবাধিকার বিশেষ প্রতিবেদক কেলি ই. কারির সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি।
সাক্ষাতে রোহিঙ্গা সংকটের পাশাপাশি মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা, মানবাধিকার পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা এবং শরণার্থী ক্যাম্পের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে আসছে। তবে এই সংকটের স্থায়ী সমাধান শুধু আশ্রয় ও ত্রাণ কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। রোহিঙ্গাদের নিরাপত্তা, সম্মান ও অধিকার নিশ্চিত করে নিজ দেশে ফেরত পাঠানোর পরিবেশ তৈরি করতে হবে। এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা-সংক্রান্ত মামলার রায় ঘোষণার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। রায় ঘোষণার পর আন্তর্জাতিক মহলকে দায়িত্বশীল অবস্থান নেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
অন্যদিকে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ার জন্য সরকারের প্রশংসা করেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারি। তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তুলে ধরেন। একই সঙ্গে তাদের নিরাপদ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরি, নাগরিকত্ব এবং মৌলিক অধিকার নিশ্চিত করতে জাতিসংঘ ও আন্তর্জাতিক অংশীদারদের প্রচেষ্টা অব্যাহত থাকার কথা জানান।
বৈঠকে রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক নিরাপত্তা ঝুঁকিও আলোচনায় আসে। বিশেষ করে মাদক ও অস্ত্র চোরাচালান এবং সাইবার অপরাধ মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এ ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়ার বিষয়েও আলোচনা করেন দুই পক্ষ।
এ ছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রভাবশালী দেশ ও সংস্থাগুলোর সমন্বিত কূটনৈতিক উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের সফরসঙ্গী থমাস হুনেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসএস