ভারতের উত্তর প্রদেশে দীপাবলি উদ্যাপনের সময় বাজি ফোটানোকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে গুলিবিদ্ধ হয়েছেন দেশটির রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর এক সদস্য। সৌরভ তোমর (২৬) নামের ওই সেনাসদস্যের মাথায় গুলি লেগেছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
বুধবার (১১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ ঘটনা উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, দীপাবলির রাতে নিজ বাড়ির বাইরে দুই ভাইয়ের সঙ্গে আতশবাজি ফোটাচ্ছিলেন সৌরভ। এ সময় প্রতিবেশী দুই ভাই ধীরাজ ও মনু ওরফে প্রবীণের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ধীরাজ দেশীয় পিস্তল দিয়ে গুলি চালান বলে অভিযোগ উঠেছে।
গুলি দেয়ালে আঘাত করার পর সৌরভের মাথার পেছনে লাগে। এতে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এ সময় দুই পক্ষের মধ্যে লাঠিসোঁটা নিয়ে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত দুই ভাই ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
আহত সৌরভকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পরে মিরাট মেডিকেল কলেজে পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও পরিবারের সদস্যরা তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর মাথা থেকে গুলি বের করা হয়েছে। বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।
সৌরভ ২০২১ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। বর্তমানে রাষ্ট্রপতি ভবনে দায়িত্ব পালনকারী প্রেসিডেন্টস বডিগার্ডের সদস্য হিসেবে কর্মরত আছেন। দীপাবলির ছুটিতে তিনি নিজ গ্রামে গিয়েছিলেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, অভিযুক্ত দুই ভাইয়ের সঙ্গে সৌরভদের পরিবারের আগে ভালো সম্পর্ক ছিল। তবে এর আগেও দুই পরিবারের মধ্যে বিরোধের ঘটনা ঘটেছিল।
এদিকে সৌরভের বাবা জনক রাজের অভিযোগের ভিত্তিতে ধীরাজ ও মনু ওরফে প্রবীণের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। ঘটনার তদন্তে পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সদ্য সংবাদ/এজে