সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: জামায়াত আমির

স
সদ্য সংবাদ ডেস্ক
১১ নভেম্বর, ২০২৬ ১০:০৮:০০
ছবি: সংগৃহীত

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার কার্যকর ভূমিকা পালন করতে না পারলে বিরোধী দল নীরব থাকবে না। জনগণের স্বার্থে নিজেদের সাংবিধানিক ও রাজনৈতিক দায়িত্ব যথাযথভাবে পালন করবে জামায়াত।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা তুলে ধরেন বিরোধীদলীয় নেতা। ঢাকা বিশ্ববিদ্যালয়, পুলিশের বিশেষ শাখার সদর দপ্তরের সামনে, আর্মি গলফ ক্লাব ও বিভিন্ন থানার আশপাশে বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ জানান তিনি। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েক দিনের ব্যবধানে বিস্ফোরণ এবং এতে শিক্ষার্থী আহত হওয়ার ঘটনাকে নিরাপত্তাব্যবস্থার জন্য উদ্বেগজনক বলে উল্লেখ করেন।

এ ছাড়া পার্বত্য এলাকায় সেনাসদস্যের মৃত্যুর ঘটনা, সাজেকের পরিস্থিতি এবং গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও আগুন দেওয়ার বিষয়েও সংসদে কথা বলেন তিনি। বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তুলে এসব ঘটনার প্রতিরোধে সরকারের কার্যকর উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা ও দায়িত্ব পালনের বিষয়েও প্রশ্ন তোলেন শফিকুর রহমান। তাঁর মতে, দেশে একাধিক নিরাপত্তা বাহিনী কাজ করলেও পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হওয়ার কারণ ব্যাখ্যা করা সরকারের দায়িত্ব। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করেছিলেন বলেও জানান তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, সরকারের ব্যর্থতার দায় বিরোধী দল নিতে পারে না। তবে দেশের সংকট মোকাবিলায় সরকার সহযোগিতা চাইলে জামায়াত ইতিবাচকভাবে বিবেচনা করবে। প্রয়োজনে জাতীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিরোধী দলও দায়িত্বশীল ভূমিকা রাখবে।

সংসদে একজন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে বিরোধী দলের এক সংসদ সদস্যের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণের অভিযোগও তোলেন তিনি। একজন নির্বাচিত জনপ্রতিনিধির রাজনৈতিক অবস্থান নিয়ে ফোনে প্রশ্ন তোলার বিষয়টি কতটা সমীচীন, তা নিয়েও আপত্তি জানান জামায়াত আমির।

এ সময় আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ের বক্তব্যের অসংগতির সমালোচনা করেন তিনি। অতীতের রাজনৈতিক অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে শফিকুর রহমান বলেন, দেশের মানুষ যে পরিবর্তনের জন্য ত্যাগ স্বীকার করেছে, সেই পরিবর্তনকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। পুরোনো ফ্যাসিবাদী ব্যবস্থার পুনরাবৃত্তি ঠেকাতে সবাইকে সতর্ক থাকতে হবে।

গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন বিরোধীদলীয় নেতা। তাঁর অভিযোগ, একদিকে গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনার কাছাকাছি বিস্ফোরণের ঘটনা ঘটছে, অন্যদিকে রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানির অভিযোগও সামনে আসছে। একটি গোয়েন্দা সংস্থা থেকে জামায়াতের এক নেতাকে দল ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়ে ফোন করার অভিযোগের প্রসঙ্গও সংসদে তুলে ধরেন তিনি।

বক্তব্যের শেষ দিকে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ডা. শফিকুর রহমান। একই সঙ্গে অতীতের রাজনৈতিক অস্থিরতা যেন আবার ফিরে না আসে, সে বিষয়ে সরকার ও বিরোধী দলসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

সদ্য সংবাদ/এজে

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ফিরতে চাইলে আইন মেনেই ফিরতে হবে: অ্যাটর্নি জেনারেল সদ্য. জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মামলার রায় ১৯ নভেম্বর সদ্য. স্বাস্থ্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ বাংলাদেশ ও নেপালের সদ্য. রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার সদ্য. বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ সদ্য. নেত্রকোণায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড সদ্য. বিএনপির তিন নেতার বাড়ির সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে সদ্য. মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ফিরতে চাইলে আইন মেনেই ফিরতে হবে: অ্যাটর্নি জেনারেল সদ্য. জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মামলার রায় ১৯ নভেম্বর সদ্য. স্বাস্থ্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ বাংলাদেশ ও নেপালের সদ্য. রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার সদ্য. বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ সদ্য. নেত্রকোণায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড সদ্য. বিএনপির তিন নেতার বাড়ির সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে