জাতীয় সংসদের অধিবেশনে রোববার (৬ সেপ্টেম্বর) অল্প সময়ের ব্যবধানে দুইবার ওয়াকআউট করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। দুটি পৃথক বিলের আলোচনা ও ভোটাভুটির সময় তারা অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যান। পরে সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বিরোধীদলের কয়েকজন সদস্যের মুখে কালো কাপড় বাঁধা দেখা যায়।
দিনের প্রথম দফায় ‘ট্রান্সফার অব প্রপার্টি (সংশোধন) বিল-২০২৬’ নিয়ে ভোটগ্রহণের সময় অধিবেশন বর্জন করেন বিরোধীদলীয় সদস্যরা। অবশ্য কিছুক্ষণ পর তারা আবার সংসদ কক্ষে ফিরে আসেন।
এরপর ‘মানবাধিকার কমিশন বিল’ নিয়ে আলোচনা শুরু হলে ফের অধিবেশন কক্ষ ত্যাগ করেন তারা। দ্বিতীয় দফার ওয়াকআউটের কারণে বিলটির আলোচনায় বিরোধীদলীয় কোনো সংসদ সদস্য অংশ নেননি।
ওয়াকআউটের আগে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রস্তাবিত মানবাধিকার কমিশন বিল নিয়ে আপত্তি জানান। তাঁর বক্তব্য, বিলটি দুর্বলভাবে সংসদে উপস্থাপন করা হয়েছে। এ কারণে বিরোধীদল বিলটির আলোচনায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, ‘যেহেতু বিলটি দুর্বল আকারে আনা হয়েছে, সেহেতু মানবাধিকার কমিশন আইনের আলোচনায় আমরা অংশগ্রহণ করছি না। আমরা এখন ওয়াকআউট করছি।’
এরপর বিরোধীদলের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। সংসদ ভবন থেকে বের হওয়ার সময় তাদের কয়েকজনের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল।
সদ্য সংবাদ/ এআর