দেশের বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতি নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিদ্যুতের সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি সাধারণ মানুষের ওপর বাড়তি বিলের চাপ তৈরি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
শনিবার (৫ মার্চ) কুমিল্লার পদুয়ার বাজারে ১১ দলীয় জোটের লংমার্চ উপলক্ষে আয়োজিত পথসভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন এনসিপির এই নেতা।
আসিফ মাহমুদ বলেন, বিদ্যুৎ ও গ্যাসের জন্য মানুষকে নিজেদের অর্থই ব্যয় করতে হয়। অথচ বিদ্যুৎ সরবরাহ না থাকলেও অনেক গ্রাহকের বিল আগের তুলনায় কয়েক গুণ বেড়েছে। বিদ্যুতের বিল বৃদ্ধির অর্থ কোথায় যাচ্ছে, সে বিষয়ে জনগণ এখনো সন্তোষজনক ব্যাখ্যা পায়নি বলেও দাবি করেন তিনি।
বিদ্যুৎ পরিস্থিতি সামলাতে সরকারের ব্যর্থতা নিয়েও প্রশ্ন তোলেন আসিফ মাহমুদ। এ সময় বিদ্যুৎমন্ত্রীর শারীরিক অসুস্থতা নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন তিনি।
দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন এনসিপির মুখপাত্র। তার দাবি, নির্বাচনের আগে জনগণকে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হলেও ক্ষমতায় আসার পর সেসব প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখা যাচ্ছে না। বিদ্যুৎ ও গ্যাস সংকটের পাশাপাশি কর্মসংস্থানের অভাব এবং নিত্যদিনের জীবনযাত্রার ব্যয় নিয়েও মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
গণভোটের রায় বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তোলেন আসিফ মাহমুদ। নির্বাচনের আগে সংস্কার ও গণভোট নিয়ে দেওয়া প্রতিশ্রুতিগুলো পরবর্তীতে বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
জনগণের উদ্দেশে তিনি বলেন, ১১ দলীয় জোট মানুষের অধিকার আদায়ের দাবিতে ভবিষ্যতেও মাঠে থাকবে। আন্দোলন করতে গিয়ে হামলা, মামলা কিংবা হুমকির মুখোমুখি হলেও তারা পিছিয়ে যাবেন না বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা।
কুমিল্লার সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের প্রসঙ্গ টেনে আসিফ মাহমুদ বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে কুমিল্লার শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সে সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিশ্বরোড এলাকায় আন্দোলন গড়ে তুলেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
পথসভায় সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এ ছাড়া ১১ দলীয় জোটের বিভিন্ন দলের শীর্ষ নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে জামায়াতের নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ এবং খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ অনেকে ছিলেন।
সদ্য সংবাদ/এসএস