দেশ ও স্বাধীনতা রক্ষায় প্রয়োজনে জীবন উৎসর্গের কথাও জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই।
রোববার (৬ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের স্বার্থকে সবার ওপরে স্থান দিয়ে ঐক্যবদ্ধ থাকার জন্যও তিনি আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতা, গণতন্ত্র এবং জনগণের অধিকার সুরক্ষায় প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। জাতীয় স্বার্থে সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে একটি সমৃদ্ধ, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
দেশে শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতা ধরে রাখতে জনগণের সহযোগিতাও কামনা করেন রাষ্ট্রপতি। তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি মাদক থেকে দূরে থাকার পরামর্শ দেন তিনি।
নিজ জেলার মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, ‘আপনাদের সঙ্গে আছি, থাকব।’ বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেন, ‘মোর নাম এই বলে খ্যাত হোক–আমি তোমাদেরই লোক।’
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে আসেন মির্জা ফখরুল। দুপুরে হেলিকপ্টারে সেখানে পৌঁছানোর পর তাকে রাষ্ট্রীয় গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি প্রয়াত বাবা-মায়ের কবর জিয়ারত করেন এবং তাদের মাগফিরাত কামনায় দোয়া করেন।
এরপর ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি। তাকে বরণ করতে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নানা শ্রেণি-পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/ এআর