মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ, অবকাঠামোগত সমস্যা এবং রোগীদের ওষুধ সরবরাহে অসংগতি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এসব ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।
পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখতে পান মন্ত্রী। এ ছাড়া হাসপাতালের বেশ কিছু অবকাঠামো সংস্কার ও মেরামতের প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রেও বিভিন্ন ঘাটতি রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হিসেবে তিনি উল্লেখ করেন, হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন মজুত থাকার পরও রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে বলা হচ্ছে। সরেজমিনে এমন অভিযোগের সত্যতা পেয়েছেন জানিয়ে মন্ত্রী বলেন, এ ধরনের অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঢাকায় ফিরে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যা ও অনিয়ম দূর করে সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, দক্ষ জনবল ও ওষুধের সরবরাহ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
হাসপাতাল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার, জেলা সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন, পুলিশ সুপার মো. ফজলে এলাহী, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. অখিল সরকার, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মতিউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সদ্য সংবাদ/ এরআর