ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বার্তা নিয়ে রাজশাহীর ধর্মসভা মন্দির পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে মন্দিরটিতে গিয়ে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় মন্দিরের জন্য ১০ লাখ টাকার অনুদান দেন প্রধানমন্ত্রী।
রাজশাহী নগরের মিয়াপাড়া এলাকায় অবস্থিত ধর্মসভা মন্দিরে বিকেল ৫টার দিকে পৌঁছান তারেক রহমান। সেখানে রাজশাহী ধর্মসভার সভাপতি বিশ্বনাথ সরকারের হাতে অনুদানের চেক তুলে দেন তিনি। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মন্দিরসংশ্লিষ্ট নেতাদের সঙ্গে তাঁর আলোচনা চলে।
মতবিনিময়ে প্রধানমন্ত্রী বলেন, ধর্মীয় পরিচয় যা-ই হোক, এ দেশের সব মানুষ বাংলাদেশের নাগরিক। দেশকে উন্নত ও সমৃদ্ধ করতে প্রত্যেক নাগরিকের অংশগ্রহণ প্রয়োজন। তাই ধর্ম ও বর্ণের ভেদাভেদ ভুলে সবাইকে দেশের অগ্রগতিতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী এবং তাঁদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের নেতারা রাজশাহীতে একটি মডেল মন্দির নির্মাণের উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে মন্দির এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পরিদর্শন শেষে বিকেল ৫টা ৩৭ মিনিটে তিনি শাহ মখদুম বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। সেখান থেকে তাঁর চট্টগ্রামে যাওয়ার কথা রয়েছে।
এর আগে মঙ্গলবার সকালে রংপুর সফর করেন প্রধানমন্ত্রী। পরে রাজশাহীতে জনসভায় অংশ নিয়ে ধর্মসভা মন্দির পরিদর্শনে যান তিনি।
সদ্য সংবাদ/এসএস