মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে ইরান সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। মঙ্গলবার (২০ অক্টোবর) উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে তেহরানে পৌঁছান তিনি।
পাকিস্তানের সেনাপ্রধানের এ সফরের খবর জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ। ইরানি সংবাদমাধ্যম তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, সফরকালে দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন আসিম মুনির।
বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনের সম্ভাব্য পথ এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি গুরুত্ব পেতে পারে। তবে আলোচনার নির্দিষ্ট বিষয় বা সম্ভাব্য সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
চলমান সংকটে পাকিস্তান ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগ রক্ষায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। দুই পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রেখে উত্তেজনা কমানোর প্রচেষ্টায় যুক্ত রয়েছে ইসলামাবাদ।
এ পরিস্থিতিতে আসিম মুনিরের তেহরান সফরকে আঞ্চলিক কূটনীতির গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। সফরের মাধ্যমে সংঘাত প্রশমনে কোনো অগ্রগতি আসে কি না, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।
সূত্র: আল-জাজিরা
সদ্য সংবাদ/এসএস