প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ অক্টোবর, শুক্রবার বিকেল ৩টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
শনিবার (১০ অক্টোবর) যুব উন্নয়ন অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষার নতুন তারিখের বিষয়টি জানানো হয়। পরীক্ষার কেন্দ্র ও অন্যান্য আনুষঙ্গিক তথ্য পরীক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল
সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার শূন্যপদে নিয়োগের জন্য শনিবার সকাল ১১টায় পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পরীক্ষা শুরুর মাত্র ১৫ মিনিট আগে, সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে তা স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে পরীক্ষা বাতিল করা হয় এবং ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে। সদস্য হিসেবে রয়েছেন মন্ত্রণালয়ের একজন যুগ্মসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সিড ফাইন্যান্সিং পরিচালক। এ ছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন উপসচিবকে কমিটির সদস্যসচিব করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রাজধানীর বিভিন্ন স্থানে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ
পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের পর রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন চাকরিপ্রার্থীরা। শাহবাগ মোড়, মানিক মিয়া অ্যাভিনিউ, মতিঝিলের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা কেন্দ্র, বাঙলা কলেজ এবং নীলক্ষেত মোড়সহ আশপাশের এলাকায় সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান তাঁরা।
বিক্ষোভকারীদের দাবি, প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে পরীক্ষা স্থগিতের কারণে তাঁদের যে ভোগান্তি ও আর্থিক ক্ষতি হয়েছে, তার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে বলে দাবি করেন তাঁরা।
চাকরিপ্রার্থীদের অভিযোগ, অনেকে দূরদূরান্ত থেকে ঢাকায় এসেও পরীক্ষায় অংশ নিতে পারেননি। এতে যাতায়াতসহ বিভিন্ন খাতে তাঁদের অর্থ ব্যয় হয়েছে, পাশাপাশি সময়ও নষ্ট হয়েছে।
নতুন তারিখ ঘোষণার পর এখন ১৬ অক্টোবরের পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন প্রার্থীরা। তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের তদন্ত এবং এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, সেদিকেও নজর রয়েছে তাঁদের।
সদ্য সংবাদ/এসকে